মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে রাতভর সংঘর্ষ

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে অ্যাকসেস রোডসংলগ্ন সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

স্থানীয়রা কয়েকটি বিকট শব্দ শোনার কথা বললেও পুলিশ বলছে, সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম জানান, ফটকা ও টিনের ঘরে পাথর নিক্ষেপের কারণে ওই শব্দ হয়ে থাকতে পারে।

পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Home R3