মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক হালাল বাণিজ্যমেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)’-এ বাংলাদেশি পণ্যের প্রতি মালয়েশিয়ানসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের আগ্রহ দেখা গেছে।
২৩ থেকে ২৬ সেপ্টেম্বর চার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশসহ ৫৮টি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ ব্যবস্থাপনায় ছয়টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। এছাড়া প্রাণ ও এগ্রোভার্স লিমিটেডও নিজস্ব উদ্যোগে অংশ নেয়।
মেলায় বাংলাদেশের হালাল পানীয়, প্রস্তুত খাবার, হিমায়িত খাদ্য, মসলা, সুগন্ধি চাল, মধু, চা, কৃষিপণ্য, ওষুধ ও বিভিন্ন ভোগ্যপণ্য প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ানো, নতুন বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক হালাল সনদের গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা হয়।