৭ ইসলামী দলের বৈঠক : ঐক্য গড়তে লিয়াজোঁ কমিটি গঠন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ডাকে কওমি ধারার ৭ ইসলামি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। লিয়াজোঁ কমিটি আগামী ২২ অক্টোবর বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল ১১টায় ঐক্যের খসড়া চূড়ান্ত করতে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের সঙ্গে সাত ইসলামি দলের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে হেফাজতের শীর্ষ নেতারাসহ প্রতিটি ইসলামি দলের পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দলগুলোর মধ্যে ঐক্য চূড়ান্ত করতে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। এতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতাসহ প্রতিটি দল থেকে তিনজনকে সদস্য রাখা হয়েছে। লিয়াজোঁ কমিটি আগামী ২২ অক্টোবর ঢাকায় মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরবর্তীতে হেফাজত আমির সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।

ঐক্য প্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

Home R3