মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবি, ভিডিও কিংবা স্পর্শকাতর তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া, এসব ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য মুঠোফোনে সংরক্ষণ কিংবা অন্য কারও সঙ্গে আদান প্রদান করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের কয়েকটি হটলাইন নম্বর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শ্রমসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৫
পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬
ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০
সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।