রাজধানীর মিরপুরে গার্মেন্টসকর্মী সায়মনকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ছিনতাই করা মোবাইল কেনার দায়ে সুজন নামে অপর এক আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এ রায় দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১১ অক্টোবর প্রথম মাসের বেতন পেয়ে বন্ধুদের সঙ্গে মিরপুরে ঘুরতে বের হন সায়মন। রাতে ফেরার পথে ছিনতাইকারীরা তাকে ও তার বন্ধুকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায়। সেখানে সায়মনের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সায়মনের বাবা দারুস সালাম থানায় হত্যা মামলা করেন। বিচার চলাকালে আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর মঙ্গলবার এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।