লিফট চালু থাকার পরও ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হলো পলককে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার শুনানিতে হাতকড়া পেছনে রেখে ছয়তলা সিঁড়ি দিয়ে আদালতে নেওয়ার অভিযোগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার পলকসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়।

এদিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। আদালতে কথা বলার অনুমতি নিয়ে পলক তাঁর সঙ্গে করা আচরণ নিয়ে অভিযোগ করেন।

পলক বলেন, ‘এটা কী ধরনের সিস্টেম, মাননীয় আদালত। লিফট চালু দেখলাম, তারপরও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে অনুরোধ, মানবিক দিক বিবেচনায় রেখে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’

পরে পলককে উদ্দেশ করে ঢাকার চতুর্থ বিশেষ জজ রবিউল আলম বলেন, ‘এটা তো আপনাদের নিরাপত্তার জন্যই।’ জবাবে পলক বলেন, হাতকড়া সামনের দিকে রাখলেই হয়।

এ সময় সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটরকে উদ্দেশ করে পলক বলেন, ‘পিপির মনে রাখা দরকার, তার ওই স্থান থেকে আমার এই স্থানের দূরত্ব বেশি নয়।’

শুনানি শেষে আদালত থেকে নামানোর সময়ও পলককে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নিচে নামানো হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’

আদালত সূত্রে জানা গেছে, এদিন কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার ৩৪ আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন। বাকি ২০ জন শুরু থেকেই পলাতক। মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করায় তাঁদের বিচারিক আদালতে হাজির করা হয়নি।

এ কারণে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পরে পলককে লিফটে করে আদালত থেকে নিচে নামানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। ওই দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।

Home R3