ঐক্যবদ্ধ থাকলে কোনো শত্রুই আমাদের পরাজিত করতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো শত্রুই তাদের পরাজিত করতে পারবে না। জাতীয় ঐক্য ও সংহতিকে দেশের শক্তি ও প্রতিরোধ সক্ষমতার প্রধান উৎস হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন পেজেশকিয়ান। এ সময় তিনি বলেন, ঐক্য বজায় থাকলে কোনো শক্তিই ইরানি জাতির ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখতে পারবে না।

তিনি সমাজের সব স্তরে পারস্পরিক সহযোগিতা ও সংহতির ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, জনগণ পরিবার, সমাজ ও স্থানীয় সম্প্রদায়ের সেবায় ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

পেজেশকিয়ান বিজ্ঞান, সামাজিক সেবা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও সংহতি দেশের উন্নতি ও সমৃদ্ধির পথ সুগম করবে।

তিনি আরও বলেন, “এ পরিস্থিতিতে শত্রু আমাদের ওপর হামলা চালানোর সাহস করার কথাও কখনো ভাববে না।”

একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলতে ইরানি জনগণকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Home R3