দেহব্যবসা চক্রের সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রের ঠাণেতে মানব পাচার ও দেহব্যবসার অভিযোগে একটি হোটেলে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৫ বছর বয়সী এক টেলিভিশন অভিনেত্রীকে উদ্ধার করা হয়। পুলিশের অভিযোগ, বিনোদনজগতের নারীদের জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার সঙ্গে একটি চক্র জড়িত।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর গত ৮ অক্টোবর ঠাণের মীরা ভয়ন্দর রোডের একটি হোটেলে অভিযান চালানো হয়। এ সময় তবস্সুম ওরফে সোনিয়া উমর কুরেশি (৩৯) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে এক পুলিশ সদস্য ক্রেতার ছদ্মবেশে হোটেলটিতে যান। পরে অর্থ লেনদেনের সময় অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া অভিনেত্রী হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেন। উদ্ধারের পর তাকে মুম্বাইয়ের রেসকিউ ফাউন্ডেশনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। তার নিরাপত্তার স্বার্থে পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কীভাবে তিনি ওই চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

পুলিশের অভিযোগ, তবস্সুম ও তার এক পুরুষ সহযোগী বিনোদনজগতের নারীদের লক্ষ্য করতেন। টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজ ও ফটোশুটে কাজ করা নারীদের জোরপূর্বক দেহব্যবসায় যুক্ত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত পুরুষ সহযোগী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের সুরগুজা জেলার বাসিন্দা তবস্সুম মুম্বাইয়ের যোগেশ্বরী এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩ ধারা এবং অনৈতিক পাচার প্রতিরোধ আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

Home R3