জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন তারেক রহমান; যোগ দেবেন ট্রাম্পের নৈশভোজে

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি প্রথমবারের মতো ভাষণ দেবেন।

ভাষণে ‘নতুন বাংলাদেশ’-এর রোডম্যাপ, রোহিঙ্গা সংকটের সমাধান, সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের চিত্র তুলে ধরবেন তিনি। একই সঙ্গে নাগরিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরার কথা রয়েছে।

সফরকালে ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তারেক রহমান। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, কানাডা, পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, কুয়েত ও ক্রোয়েশিয়ার শীর্ষ নেতাদের পাশাপাশি জাতিসংঘ, বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

তারেক রহমানের এ সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে জাতিসংঘের বিশেষ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও জাতিসংঘের একাধিক উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

Home R3