গাজা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান জানিয়ে কনসার্ট শুরু করেছেন ব্রিটিশ গায়ক ও গীতিকার এড শিরান।
শনিবার (১৯ে সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় কনসার্টে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা ছিল ভয়াবহ। তবে এর জবাবে গাজায় ইসরায়েলের হামলা বিপর্যয়কর, অন্যায্য ও অনুপাতহীন।
শিরান বলেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত শিল্পী হতে চান না। তার গান ও কনসার্টের মূল বিষয় ভালোবাসা, আশা ও ঐক্য। তবে গাজা পরিস্থিতি তাকে মতপ্রকাশের স্বাধীনতা ও বিশ্বের অন্যতম জটিল রাজনৈতিক ইস্যুর মধ্যে নিয়ে এসেছে।
গাজা নিয়ে মন্তব্যের কারণে বিতর্কের মধ্যে তার কনসার্টের কয়েকজন সহযোগী শিল্পী সরে যাওয়ার পর তিনি এ বিষয়ে কথা বলেন। এর আগে কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় মার্কিন র্যাপার ম্যাকলমোরকে শিরানের সফর থেকে বাদ দেওয়া হয়। পরে আরও কয়েকজন শিল্পী তার সঙ্গে সফর না করার সিদ্ধান্ত নেন।
শিরান বলেন, তার কনসার্টে ভিন্ন মতের মানুষও একসঙ্গে গান উপভোগ করতে পারেন। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠান করার ক্ষেত্রে পরিবেশনা আগে থেকে অনুমোদন করিয়ে নেওয়ার বিষয়টি থাকা উচিত নয়।
সূত্র : ইউরোনিউজ