জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে আফগানিস্তান বিষয়ক সমন্বয়কারী গ্রুপের সাথে বৈঠক করবে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য পাওয়া যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে ওআইসির মহাসচিব ইসমাইল ওলদ শেখ আহমেদের নেতৃত্বে সংস্থাটির মহাসচিবালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিউইয়র্কে যাচ্ছে। সেখানে সদস্য দেশগুলোর প্রতিনিধিদলের প্রধান, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করবেন তারা।
এ ছাড়া জাতিসংঘের সদর দপ্তরে ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
ওআইসি জানিয়েছে, সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কয়েকটি মন্ত্রী পর্যায়ের যোগাযোগ গোষ্ঠী ও বিশেষায়িত কমিটির বৈঠক হবে। এসব বৈঠকে ফিলিস্তিন, মুসলিম সম্প্রদায় ও সংখ্যালঘু, ইউরোপের আঞ্চলিক বিষয়, জম্মু ও কাশ্মীর, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং আফগানিস্তান নিয়ে আলোচনা হবে।
তবে আফগানিস্তান বিষয়ক সমন্বয়কারী গ্রুপের সাথে বৈঠকটি ঠিক কোন তারিখে হবে, তা জানায়নি ওআইসি।
সূত্র : আরিয়ানা নিউজ