বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, সরকার দিন দিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে। তাঁদের দাবি, খোদ সরকারের ভেতরে অবস্থান করা একটি চিহ্নিত মহল বিভিন্ন ইসলামবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে প্রশাসনকে বিতর্কিত করার পাঁয়তারা চালাচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ জোহর রাজধানীর কামরাঙ্গীরচরে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক বৈঠকে নেতারা এসব কথা বলেন।
বৈঠকে জাতীয় সংসদে সম্প্রতি পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’, আইনমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এবং হাফেজদের একটি অনুষ্ঠানে ‘নেক্সাস’ বই উপহার দেওয়ার ঘটনা তুলে ধরে তীব্র সমালোচনা করা হয়। নেতারা উল্লেখ করেন, সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত বিলটি পাস হওয়ার আগে থেকেই বিরোধী দল এটি কোরআন ও সুন্নাহর মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ তুলেছিল।
খেলাফত আন্দোলনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনমন্ত্রী কর্তৃক কোরআনকে মানবজাতির জন্য সংবিধান হিসেবে গ্রহণযোগ্য নয়। এমন বক্তব্য প্রদান এবং বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত ‘নেক্সাস’ বই উপহার দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এসব কর্মকাণ্ড সরকারের সুস্পষ্ট ইসলামবিরোধী মনোভাবকেই সামনে নিয়ে আসছে।
সভাপতির বক্তব্যে দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, প্রধানমন্ত্রীর আশপাশে থাকা কিছু দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী ও ইসলামবিদ্বেষী গোষ্ঠী তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তৎপর রয়েছে। মাছের পোনা অবমুক্ত করার পর ভেসে ওঠার নাটকীয় ঘটনা এবং বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই বিতরণের মতো বিষয়গুলো এর জ্বলন্ত প্রমাণ। তিনি অনতিবিলম্বে এসব ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ড থেকে মন্ত্রী, সংসদ সদস্য এবং দলীয় নেতাকর্মীদের বিরত রাখতে সরকারপ্রধানের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহপ্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম এবং অর্থ সম্পাদক শাহজাহানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।