পর্তুগালের আলগারভের এক কৃষক ৯০৫ কেজি ওজনের বিশাল কুমড়া ফলিয়ে জাতীয় পর্যায়ের সবজি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) পোর্তোর আগুইয়ার দে সোসায় অবস্থিত সেনহোরা দো সালতো ন্যাচারাল পার্কে অনুষ্ঠিত “ও মাইওর দা মিনিয়া আলদেইয়া” প্রতিযোগিতার অষ্টম আসরে অংশ নেন আলবুফেইরার কৃষক হোসে রুই সান্তোস।
তার ফলানো কুমড়াটিই ছিল প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে ভারী। ৯০৫ কেজি ওজনের কুমড়াটি প্রথম স্থান অর্জন করে এবং সান্তোস পান ১ হাজার ইউরো পুরস্কার।কুমড়াটির আকার বোঝাতে বলা যায়, এর ওজন একটি ছোট গাড়ির প্রায় সমান।
৮৬১ কেজি ওজনের কুমড়া নিয়ে দ্বিতীয় হন আন্তোনিও আলমেইদা। ৭২৯ দশমিক ৫ কেজির কুমড়া নিয়ে তৃতীয় হন ভার্জিলিও রিবেইরো।
তবে সান্তোস শুধু বিশাল কুমড়া নিয়েই প্রতিযোগিতায় অংশ নেননি। তিনি ৭ দশমিক ৯৫ কেজি ওজনের একটি বাঙ্গি ফলিয়ে বাঙ্গি বিভাগেও প্রথম স্থান অর্জন করেন।
তরমুজ বিভাগেও আলগারভের জন্য আসে সাফল্য। আলবুফেইরার ক্লদিয়া ফার্নান্দেস ৭১ দশমিক ৫ কেজি ওজনের তরমুজ নিয়ে প্রথম হন। একই এলাকার সান্তোস ৬৭ দশমিক ৫ কেজির তরমুজ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। পোর্তোর পেরেদেস এলাকার মারিয়া ইনেস দিয়াস ২৫ কেজি ওজনের তরমুজ নিয়ে তৃতীয় হন।
টমেটো বিভাগে সবচেয়ে বড় টমেটো ফলিয়েছেন পেরেদেসের ফার্নান্দো মার্তিন্স দিয়াস। তার টমেটোর ওজন ছিল ১ দশমিক ৩৩৩ কেজি। ১ দশমিক ১৭৫ কেজির টমেটো নিয়ে দ্বিতীয় হন দিয়োগো বারবোসা। তৃতীয় হন হোসে দিয়াস, যার টমেটোর ওজন ছিল ১ দশমিক ১৬৫ কেজি।
এবারের প্রতিযোগিতায় মোট ২৭ জন কৃষক অংশ নেন। তাদের মধ্যে ১৯ জনই ছিলেন পেরেদেস পৌর এলাকার।
পেরেদেস পৌরসভা ও আগুইয়ার দে সোসা প্যারিশ কাউন্সিল যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিকভাবে দৈত্যাকার সবজির ওজন নির্ধারণকারী সংস্থা ‘গ্রেট পাম্পকিন কমনওয়েলথ’ প্রতিযোগিতাটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
প্রতিটি বিভাগে প্রথম তিনজনকে অর্থ পুরস্কার দেওয়া হয়। তবে সবচেয়ে বড় পুরস্কার রাখা হয়েছিল বিশাল কুমড়ার জন্য।
সূত্র : দ্য রেসিডেন্ট