রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সদস্যদের সরকারি আবাসিক ভবন ন্যামের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ন্যাম ভবনে পৌঁছায়। সেখানে ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় অবস্থিত ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ন্যাম ভবনের ফ্ল্যাটে মরিয়মের ঝুলন্ত মরদেহ পাওয়ার খবরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্ত ও সার্বিক তদন্তের আগে মৃত্যুর নিশ্চিত কারণ বলা সম্ভব নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে এমপি গাজী নজরুল ইসলামের একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে তিনি ভিডিওতে থাকা ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।