ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পাশাপাশি বোরকা ও হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এ বিষয়ে শীঘ্রই একটি প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
মেলোনির ঘোষণার অনুযায়ী, স্কুলে মুখ ঢেকে রাখে এমন পোশাক, যেমন বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যাদের একীভূতকরণে গুরুতর সমস্যা রয়েছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতাও চালু করা হতে পারে।
তবে বোরকা ও হিজাব নিষিদ্ধের উদ্যোগ নিয়ে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় পরিচয় প্রকাশের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, ধর্মীয় পোশাকের ওপর নিষেধাজ্ঞা ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা সীমিত করতে পারে।
ইতালির সংবিধানের ১৯ অনুচ্ছেদে প্রত্যেকের নিজ ধর্মীয় বিশ্বাস প্রকাশ, পালন ও প্রচারের স্বাধীনতার কথা বলা হয়েছে। ফলে প্রস্তাবিত নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে তা ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকারের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ হবে, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স