৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হজের বিমান ভাড়া ২৫ হাজার টাকা কমালো বাংলাদেশ সরকার

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, হাজীদের ব্যয় কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে আলোচনা চলছে। এর মধ্যে বিমানবন্দরের নির্মাণ কর কমানো এবং আবাসন ব্যয় হ্রাসের বিষয়ও রয়েছে।

তিনি বলেন, সরকার যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করতে কাজ করছে। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতি বা প্রতারণা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ জানান, দেশের ৯৫ শতাংশ হজযাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করেন। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখার আহ্বান জানান তিনি।

Home R3