মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ১০ হাজারের বেশি অভিযান চালিয়ে ৩৭ হাজারেরও বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, এসব অভিযানে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষের কাগজপত্র যাচাই করা হয়েছে। একই সময়ে অবৈধভাবে বিদেশি কর্মীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে ১ হাজার ৮০০ এর বেশি নিয়োগকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বড় একটি অংশ মালয়েশিয়ার নাগরিক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করে এ সমস্যার সমাধান সম্ভব নয়। যারা অবৈধভাবে বিদেশি কর্মীদের নিয়োগ দেন বা আশ্রয় দেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি জানান, অতীতের তুলনায় বর্তমানে অবৈধ কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অনেক বেড়েছে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে অভিবাসন বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

সাইফুদ্দিন বলেন, সিস্টেমের কিছু দুর্বলতা এবং অসাধু চক্রের যোগসাজশের কারণে নথিপত্রহীন অভিবাসনের সমস্যা জটিল হয়ে উঠেছে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

তিনি সতর্ক করে বলেন, বৈধ অনুমতি ছাড়া কেউ মালয়েশিয়ায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। ভুয়া কাগজপত্র তৈরি কিংবা ভিসা ও অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও যারা অবৈধভাবে অবস্থান করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে বিদেশি কর্মীদের অবৈধভাবে আশ্রয় বা কাজ না দিতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস

Home R3