বিক্ষোভে উত্তাল মুম্বাই

ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। রোববার (৪ অক্টোবর) মুম্বাইয়ে তাদের নেতৃত্বে একটি বড় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খবর এনডিটিভির।

মুম্বাইয়ের মেট্রো সিনেমা থেকে শুরু হওয়া ‘বিরাট গর্জন মোর্চা’ নামের মিছিলটি বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সদরদপ্তর অতিক্রম করে। এতে কংগ্রেস ও শারাদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি) দলের শীর্ষ নেতারাও অংশ নেন।

ঠাকরে ভ্রাতৃদ্বয়ের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা মহারাষ্ট্রে এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবি জানান।

মিছিলে অংশ নেওয়া হাজারো সমর্থকের উদ্দেশে রাজ ঠাকরে বলেন, মহারাষ্ট্রে এসআইআর প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে। একই সঙ্গে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ বন্ধ করে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণে ফিরে যাওয়ার দাবি জানান তিনি।

ভোটার তালিকা পুনর্নিরীক্ষণের পর বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়ার প্রসঙ্গ তুলে রাজ ঠাকরে বলেন, ২০১৭ ১৮ সাল থেকেই তিনি এ বিষয়ে অনিয়মের আশঙ্কার কথা বলে আসছেন। তার দাবি, হঠাৎ করে এভাবে ভোটারের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, তাদের আপত্তি নির্বাচন প্রক্রিয়া কীভাবে পরিচালিত হচ্ছে তা নিয়ে। কারা ক্ষমতায় থাকবে, তা নির্বাচন কমিশন নয়, জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে উদ্ধব ঠাকরে অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন। এসআইআরের উদ্দেশ্য যদি ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে কতজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে, এ প্রশ্নও তোলেন তিনি।

Home R3