এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ২৫২ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে অক্টোবর মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন এই দাম রোববার থেকেই কার্যকর হবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

এদিকে বাজারে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে কয়েকটি অপারেটর বড় ধরনের মুনাফা করার চেষ্টা করছে বলে দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে জানানো হলে শনিবার এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোটাব) সঙ্গে বৈঠক করেন জ্বালানিমন্ত্রী।

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠকে এলপিজি মজুতের বিষয়টি আলোচনায় আসে। বিভিন্ন সংস্থা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশে চাহিদা অনুযায়ী এলপিজি আমদানি করা হলেও বাজারে সংকট কেন এবং অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কেন, তা নিয়ে লোটাব নেতাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

লোটাব নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম অনেক বেড়েছে। ফলে দেশে দাম কিছুটা বাড়ানো হলে বাজারে স্থিতিশীলতা আসতে পারে।

জানা গেছে, ২২ সেপ্টেম্বরের পর থেকেই দেশের বাজারে এলপিজির সংকট দেখা দিয়েছে। নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হয়েছে আড়াই হাজার টাকা পর্যন্ত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি আমদানির খরচ কিছুটা বেড়েছে।

সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ সুযোগে কয়েকটি এলপিজি অপারেটর আগেভাগে ট্যাংকারে গ্যাস মজুত করে রেখেছে। কেউ কেউ ৩০ সেপ্টেম্বরের আগে বঙ্গোপসাগরের সীমার কাছে এলপিজিবাহী জাহাজ ভাসিয়ে রেখেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই অক্টোবর মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করল বিইআরসি।

Home R3