দ্বৈত নাগরিকত্বধারীদের সুইডিশ নাগরিকত্ব বাতিলের সুযোগ তৈরিতে সংবিধান সংশোধনের পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। নতুন সংশোধনী অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব অর্জন অথবা জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে দ্বৈত নাগরিকত্বধারীর সুইডিশ নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে।
বুধবার (১১ নভেম্বর) পার্লামেন্টে ২৯২টি ভোট পক্ষে এবং ৫১টি বিপক্ষে পড়ে সংশোধনীটি অনুমোদিত হয়। তবে এটি কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ পরবর্তী সরকারের হাতে থাকবে। ফলে কোন কোন অপরাধের ক্ষেত্রে নাগরিকত্ব বাতিল করা যাবে, তা চূড়ান্তভাবে নির্ধারণ করবে নতুন সরকার।
প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের নেতৃত্বাধীন বিদায়ী মধ্য-ডানপন্থী সরকার পার্লামেন্টে অভিবাসনবিরোধী দল সুইডেন ডেমোক্র্যাটসের সমর্থন পেয়ে আসছিল। দলটি গত বছর সংগঠিত অপরাধ ও গ্যাং-সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত দ্বৈত নাগরিকত্বধারীদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল।
সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টে দুটি পৃথক ভোটে অনুমোদন প্রয়োজন। বুধবারের ভোটটি ছিল সেই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ।
এদিকে, ১৩ সেপ্টেম্বরের নির্বাচনের পর সুইডেনে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এ অবস্থায় উলফ ক্রিস্টারসন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন। বিদায়ী সরকার এ বিষয়ে একটি বিল তৈরির কাজ করলেও তা এখনো চূড়ান্ত হয়নি।
নাগরিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন প্রস্তাবটির সমালোচনা করেছে। ভোটের আগে সিভিল রাইটস ডিফেন্ডারসের জ্যেষ্ঠ আইনি উপদেষ্টা আইদা সামানি বলেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে সুইডিশ নাগরিকত্বের দুটি শ্রেণি তৈরি হবে। এক শ্রেণির নাগরিকত্ব হবে শক্তিশালী, অন্যটি দুর্বল ও শর্তসাপেক্ষ। এতে আইনের চোখে সমতার নীতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হবে।
সূত্র: এএফপি