মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় মানতে হবে ১১ নির্দেশনা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে দেশে পরিচালিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করতে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নির্দেশনায় বলা হয়েছে, ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে নির্ধারিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ ইস্যু করা যাবে। এর বাইরে অতিরিক্ত স্লিপ ইস্যু করা যাবে না।

প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পন্ন করা স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন সংরক্ষণ ও অনলাইনে পাঠাতে হবে। এসব প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর অতিরিক্ত কোনো অর্থ কর্মীদের কাছ থেকে আদায় করা যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার পরীক্ষা করানো যাবে না। পাশাপাশি ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তাঁর দেশে ফেরত পাঠানোসহ যাবতীয় ব্যয় বহন করতে হবে।

এ ছাড়া প্রতিটি মেডিকেল সেন্টারে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, পর্যাপ্ত চিকিৎসাসেবা ও বসার জায়গা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে।

নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না। কোনো মেডিকেল সেন্টার এসব শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করবে। পাশাপাশি প্রতিটি মেডিকেল সেন্টারকে নিজস্ব প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।

Home R3