রুয়ান্ডায় ‘অভিবাসী নির্বাসন কেন্দ্র’ খুলছে ইউরোপের ৫ দেশ

অভিবাসীদের প্রত্যাবাসন ও নির্বাসন প্রক্রিয়া জোরদার করতে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় যৌথভাবে একটি অভিবাসী নির্বাসন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ। দেশগুলো হলো জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস।

সোমবার (১৬ নভেম্বর) নেদারল্যান্ডস ও ডেনমার্ক সরকারের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটি অভিবাসীদের গ্রহণের জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, যেসব অভিবাসী সংশ্লিষ্ট দেশগুলোতে অবৈধভাবে অবস্থান করছেন এবং যাদের ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে এ ব্যবস্থা কার্যকর হবে। কোনো অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে রুয়ান্ডার এই কেন্দ্রকে বিকল্প ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হবে।

বিবিসিকে এক কর্মকর্তা জানিয়েছেন, সংশ্লিষ্ট পাঁচটি দেশে আইনিভাবে বসবাস বা অবস্থানের সব সুযোগ হারিয়েছেন, এমন অভিবাসীদেরই এ কেন্দ্রে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। নির্বাসিত ব্যক্তিরা চাইলে রুয়ান্ডার সমাজের মূলধারায় যুক্ত হতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর উদ্যোগ নিয়েছিল যুক্তরাজ্য। এ বিষয়ে রুয়ান্ডা সরকারের সঙ্গে চুক্তিও করেছিল লন্ডন। তবে আইনি জটিলতায় তা পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। পরে ২০২৪ সালের নির্বাচনে ক্ষমতায় আসা লেবার পার্টির সরকার চুক্তিটি বাতিল করে দেয়।

নতুন পরিকল্পনায় যুক্ত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত তারা বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করছেন।

অন্যদিকে, অভিবাসন সমস্যায় জর্জরিত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ প্রস্তাবিত কেন্দ্রের সমালোচনা করেছেন। সোমবার স্পেনীয় সম্প্রচারমাধ্যম তেলেসিনকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এর মধ্যে কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখতে পাচ্ছি না। এটি কোনো সমাধান নয়।’

উদ্যোক্তা পাঁচটি দেশের দাবি, অভিবাসীদের ইউরোপের বাইরে পাঠানোর এ পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এ উদ্যোগ অভিবাসীদের অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে।

ইউরোপীয় ইউনিয়নে সম্প্রতি গৃহীত একটি সংস্কারের পথ ধরেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে জোটের বাইরে এ ধরনের অভিবাসী কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং মানব পাচারকারীদের প্রাণঘাতী ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার যাত্রা আয়োজন থেকে বিরত রাখাই এ উদ্যোগের লক্ষ্য।

নেদারল্যান্ডস সরকারের এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তির প্রথম ধাপে কেবল অবিবাহিত পুরুষদেরই সেখানে পাঠানো হবে। দেশটির ক্ষেত্রে মূলত রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের কোনো দেশ থেকে আসা অভিবাসীদের ওপর গুরুত্ব দেওয়া হবে।

রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির সমাজের মূলধারায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, তারা সেখানে বসবাসের অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার ও আইনি ব্যবস্থায় প্রবেশের সুযোগ পাবেন।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা এক বিবৃতিতে বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে বৈশ্বিক ভারসাম্যহীনতা দূর করার লক্ষ্যেও রুয়ান্ডা কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রস্তাবিত কেন্দ্রটি প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে পরিচালিত হবে। এর আওতায় পাঁচটি দেশ থেকে ২০ জন করে মোট ১০০ জন অভিবাসীকে সেখানে রাখা হতে পারে।

পরিকল্পনা বাস্তবায়নে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহায়তাকারী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, জটিল পরিস্থিতি ও ট্রানজিট পর্যায়ে থাকা অভিবাসীদের সহায়তায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র বা এ ধরনের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে।

তবে এ উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লেমেন্টিন ডি মন্টজোয়ে বলেন, নির্বাসন কেন্দ্র স্থাপনের জন্য রুয়ান্ডাকে বেছে নেওয়া উদ্বেগজনক। দেশটির বিরুদ্ধে ভিন্নমত দমন, নির্বিচারে আটক, আটকের সময় দুর্ব্যবহার এবং প্রতিবেশী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের সহায়তার অভিযোগ রয়েছে।

বিবিসিকে তিনি আরও বলেন, অভিবাসীদের ফেরত পাঠানোর কর্মসূচি পরিচালনার জন্য রুয়ান্ডাকে অর্থ দেওয়া হলে তা শুধু অভিবাসীদের দুর্ভোগই বাড়াবে না, বরং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা একটি সরকারকে আর্থিক ও রাজনৈতিক সুবিধা দেবে।

Home R3