মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৭ ডিসেম্বর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন। নতুন সরকার গঠনের পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই প্রথম সফর হতে যাচ্ছে। কূটনৈতিক সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দুই দিনের সফরে ৭ ও ৮ ডিসেম্বর ঢাকায় অবস্থান করবেন আনোয়ার ইব্রাহিম। সফর শেষে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সফরসূচি অনুযায়ী, ৭ ডিসেম্বর সন্ধ্যায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরদিন ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।
কূটনৈতিক সূত্রমতে, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, শ্রমবাজার, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের চার মাস পর গত জুনে মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন। পরে সেখান থেকে তিনি চীন সফরে যান। তাঁর কুয়ালালামপুর সফরের প্রায় পাঁচ মাসের মাথায় ফিরতি সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।