নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃগহীত
নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের জন্য বিনা মূল্যে আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। নতুন উদ্যোগের আওতায় অভিবাসনসংক্রান্ত আইনি জটিলতায় পড়া ব্যক্তিরা সপ্তাহের সাত দিন ফোন করে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন। এ কার্যক্রম জোরদার করতে অতিরিক্ত প্রায় ১৫ লাখ ডলার বরাদ্দ দিয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সিটির মেয়র জোহরান মামদানির কার্যালয় থেকে এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
নিউইয়র্ক সিটির অভিবাসীবিষয়ক কার্যালয়ের পরিচালিত হটলাইনে ফোন করে অভিবাসীরা নিজেদের অভিবাসন পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় আইনি পরামর্শ নিতে পারবেন। নাগরিকত্ব কিংবা অভিবাসন অবস্থান যা-ই হোক, নিউইয়র্কের সব বাসিন্দা এ সেবার আওতাভুক্ত হবেন।
আইনি সহায়তা পেতে হটলাইন নম্বর ১-৮০০-৩৫৪-০৩৬৫-এ যোগাযোগ করতে হবে। বিকল্প হিসেবে ৩১১ নম্বরে ফোন করে ‘ইমিগ্রেশন লিগ্যাল’ বললেও সেবাটি পাওয়া যাবে।
সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৮টা এবং শনিবার ও রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হটলাইন চালু থাকবে। এতে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, হাইতিয়ান ক্রেওল ও উলুফ ভাষায় সরাসরি সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া টেলিফোন অনুবাদ ব্যবস্থার মাধ্যমে ২০০টির বেশি ভাষায় যোগাযোগের সুযোগ রয়েছে।
নতুন উদ্যোগের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। তবে বর্তমানে এ সুবিধা শুধু ইংরেজি ও স্প্যানিশ ভাষায় পাওয়া যাচ্ছে।
এই সেবার মাধ্যমে অভিবাসীরা অভিবাসন আইন, কর্মক্ষেত্রে বেতনসংক্রান্ত সমস্যা, প্রতারণা ও অন্যান্য আইনি জটিলতা নিয়ে তথ্য ও পরামর্শ নিতে পারবেন। প্রয়োজন অনুযায়ী তাঁদের সংশ্লিষ্ট আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত করে দেওয়া হবে।