ভারতের গণতন্ত্র নিয়ে ইউরোপীয় রাজনীতিকদের মন্তব্যের সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঘনিষ্ঠ মিত্র ও ক্ষমতাসীন জোটের নেতা দেবোরা বেরগামিনি। তিনি বলেছেন, ভারতের গণতন্ত্র নিয়ে ইউরোপীয় প্রতিনিধিদের নসিহত করা উচিত নয়। দেশটির রাজনৈতিক বিরোধ ও বিতর্ক নিজস্ব সাংবিধানিক কাঠামোর মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন।
ইতালির রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার জ্যেষ্ঠ নেতা বেরগামিনি সম্প্রতি কংগ্রেস আয়োজিত ভারত সামিটে ইউরোপীয় সমাজতন্ত্রী নেতা জিয়াকোমো ফিলিবেকের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
গত ১৪ নভেম্বর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওই সম্মেলনে ফিলিবেক মন্তব্য করেন, ভারতের গণতন্ত্র ‘আক্রমণের মুখে’ রয়েছে। এ পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর দলের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে ভারতের ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে রাহুল গান্ধীর প্রচারণার প্রশংসা করেন ফিলিবেক। এ সময় তিনি কংগ্রেসের স্লোগান ‘ভোট চোর, গদি ছাড়’ উচ্চারণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে এই স্লোগান ব্যবহার করে আসছে বিরোধী দল কংগ্রেস।
ফিলিবেকের বক্তব্যের সময় রাহুল গান্ধীকে হাসতে ও হাততালি দিতে দেখা যায়। পরে তাঁদের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর প্রতিক্রিয়ায় বেরগামিনি বলেন, ভারতের নিজস্ব রাজনৈতিক প্রতিষ্ঠান ও বিচারব্যবস্থা রয়েছে। দেশটির বিপুলসংখ্যক ভোটার এবং প্রতিষ্ঠিত গণতান্ত্রিক কাঠামো রয়েছে। কোনো রাজনৈতিক বিরোধ দেখা দিলে তা দেশের গণতান্ত্রিক নিয়ম ও সাংবিধানিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই সমাধান করা উচিত।
ভারত ও ইতালির কৌশলগত অংশীদারত্বের প্রসঙ্গ টেনে বেরগামিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত।