মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। চতুর্থ স্টেজে পৌঁছে গেছে তার ক্যানসার।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক এই অসুস্থতার কথা নিজ মুখেই জানান বিদেশে পলাতক শামীম ওসমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা টকশোতে বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’

নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’ তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। তবে এ নিয়ে তাদের খুশি না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার কথাও উল্লেখ করেন।

নিজের অসুস্থতার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।

Home R3