পাকিস্তানের দাওয়াতে তাবলীগের আমীর মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল

পাকিস্তানের দাওয়াতে তাবলীগের আমীর ও বিশিষ্ট মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন দাওয়াতে তাবলীগ বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তার মৃত্যুতে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

২০১৮ সাল থেকে পাকিস্তানে দাওয়াতে তাবলীগের আমীরের দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা নযরুর রহমান। তৎকালীন আমীর হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দাওয়াত ও তাবল্গেলীর মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯২৯ সালে রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। পাকিস্তানে দাওয়াতে তাবলীগের প্রাথমিক সময়ের অন্যতম প্রবীণ সাথী ছিলেন তিনি। জীবনের দীর্ঘ সময় দ্বীনের দাওয়াত ও তা্গেলীর কাজে ব্যয় করেন। রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার ইন্তেকালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

এ ছাড়া পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিসহ দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Home R3