বাংলাদেশ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী তারেক

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী তারেক

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব সিন্ডিকেটের কারণে অতীতে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর নামে মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের লোকজন এভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। এর ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত বা কমিয়ে দিয়েছিল।

তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সৃষ্ট সমস্যার সমাধানে দেশটির সঙ্গে আলোচনা সফল হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী কয়েক দিন আগে এ বিষয়ে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, সামান্য কিছু খরচে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিগত স্বৈরাচারী সরকারের সময়ে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রায় এক হাজার সদস্য রয়েছেন।

মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গেও কর্মী নিয়োগ নিয়ে আলোচনা চলছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশগুলো নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন পেশার কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যারা প্রতারণা ও অর্থ আত্মসাৎ করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি প্রণোদনার প্রস্তাব দিয়েছেন। তবে এ অর্থের উৎস কী হবে, তা স্পষ্ট নয়। বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলে সরকার এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারে।

এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেকে নিখোঁজ হচ্ছেন। আবার অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতজন কর্মী নেওয়া হবে এবং যেতে কত টাকা খরচ হবে, তা প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে।

তিনি আরও বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে প্রণোদনার ব্যবস্থা করলে গ্রামের সাধারণ মানুষকে জমি বিক্রি বা ঋণ করে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। এতে একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে।

Home R3