পাকিস্তান তাবলিগ জামাতের নতুন আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট আলেম মাওলানা আহমদ বাটলা। সাবেক আমির মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের জ্যেষ্ঠ মুরব্বিদের পরামর্শক্রমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে দীর্ঘদিন সংগঠনটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
গত ১৬ নভেম্বর ৯৭ বছর বয়সে ইন্তেকাল করেন পাকিস্তান তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা নজরুর রহমান। তাঁর ইন্তেকালের পর সংগঠনটির নেতৃত্বে শূন্যতা তৈরি হয়। পরে রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শ ও সিদ্ধান্তে মাওলানা আহমদ বাটলাকে নতুন আমির হিসেবে মনোনীত করা হয়। তিনি রায়বেন্ড মারকাজের শায়খুল হাদিস হিসেবেও পরিচিত।
মাওলানা আহমদ বাটলা রায়বেন্ড মারকাজের একজন জ্যেষ্ঠ মুরব্বি এবং তাবলিগ জামাতের আন্তর্জাতিক শূরার সদস্য। দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের কাজে যুক্ত থাকার পাশাপাশি দ্বীনি শিক্ষা, হাদিসের পাঠদান এবং মুসলমানদের আমলি জীবনে পরিবর্তন আনতে কাজ করে আসছেন তিনি। তাঁর বয়ান ও আলোচনায় দ্বীনের দাওয়াত, আত্মশুদ্ধি, তওবা, সুন্নাহর অনুসরণ এবং দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
সহজ ও হৃদয়গ্রাহী ভাষায় বয়ানের জন্যও পরিচিত তিনি। তাঁর বক্তব্যে ঈমান-আমল সংশোধন, আল্লাহর কাছে ফিরে আসা এবং নবীদের দাওয়াতি মিশন অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান উঠে আসে। দীর্ঘদিনের দ্বীনি খেদমত, সরল জীবনযাপন ও দাওয়াতি মেহনতের কারণে রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বিদের মধ্যে বিশেষ পরিচিতি রয়েছে তাঁর।
পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে মাওলানা আহমদ বাটলার নাম আগেও আলোচনায় এসেছিল। ২০১৮ সালের নভেম্বরে তাবলিগ জামাতের তৃতীয় আমির হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাব ইন্তেকাল করেন। এর আগে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর অসিয়তে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। তাঁরা হলেন মাওলানা নজরুর রহমান, মাওলানা আহমদ বাটলা ও মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ।
হাজি মুহাম্মদ আবদুল ওয়াহাবের ইন্তেকালের পর রায়বেন্ড মারকাজের মুরব্বিদের পরামর্শক্রমে মাওলানা নজরুর রহমানকে আমির নির্বাচিত করা হয়। সে সময় মাওলানা আহমদ বাটলা নায়েবে আমিরের দায়িত্ব পান। দীর্ঘদিন সেই দায়িত্ব পালনের পর এবার আমির হিসেবে তাঁর ওপর নতুন দায়িত্ব অর্পিত হলো।
২০২৬ সালের রায়বেন্ড বিশ্ব ইজতেমায়ও মাওলানা আহমদ বাটলার বয়ান বিশেষ গুরুত্ব পেয়েছিল। ইজতেমায় আসরের নামাজের পর দেওয়া বয়ানে তিনি তওবা, আল্লাহর কাছে ফিরে আসা, নবীদের মিশন বাস্তবায়ন এবং আখিরাতে সফলতা অর্জনের বিষয়ে মুসল্লিদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দ্বীনের পথে ফিরে এসে নিজেদের জীবন ইসলামের শিক্ষা অনুযায়ী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মাওলানা নজরুর রহমানের ইন্তেকালের পর পাকিস্তান তাবলিগ জামাতের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘদিনের দাওয়াতি অভিজ্ঞতা ও রায়বেন্ড মারকাজের সঙ্গে গভীর সম্পৃক্ততার কারণে মাওলানা আহমদ বাটলার নেতৃত্বে সংগঠনটির কার্যক্রম কীভাবে এগিয়ে যায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।