পর্তুগালে বাড়িভাড়া সহনীয় পর্যায়ে রাখা এবং আবাসনের অধিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন দেশটির নাগরিকদের একটি দল। এ লক্ষ্যে পার্লামেন্টে নাগরিকদের পক্ষ থেকে একটি খসড়া আইন প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে এ উদ্যোগে ১ হাজার ৫০০ জনের বেশি মানুষ মতামত দিয়েছেন।
লুসার এক প্রতিবেদনে বলা হয়েছে, পোর্তোতে আবাসন সংকটের প্রতিবাদে তাঁবু আন্দোলন থেকে এ উদ্যোগের সূচনা হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। উদ্যোগটির মূল লক্ষ্য বাড়িভাড়া নিয়ন্ত্রণ, মানসম্মত আবাসন নিশ্চিত করা এবং বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের অধিকার সুরক্ষা।
পর্তুগালের সংবিধান অনুযায়ী, নাগরিকরা অন্তত ২০ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে পারলে পার্লামেন্টে আইন প্রস্তাব জমা দিতে পারেন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।
প্রস্তাবিত আইনে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো সাশ্রয়ী বাড়িভাড়া নিশ্চিত করা, ভাড়াটিয়াদের অধিকার ও আবাসনের নিরাপত্তা, বাড়ি নিয়ে অতিরিক্ত মুনাফা ও পর্যটনভিত্তিক ভাড়া নিয়ন্ত্রণ এবং সামাজিক আবাসন ও সমবায়ভিত্তিক বাড়ি নির্মাণ বাড়ানো।
এ ছাড়া বাড়িভাড়া ও জামানতের স্বচ্ছতা, স্বল্পমেয়াদি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, সরকারি জমি ও ভবনের আবাসন খাতে ব্যবহার এবং সামাজিক আবাসন নির্মাণের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব রয়েছে।
উদ্যোগটির সঙ্গে স্থপতি, আইনজীবী, প্রকৌশলী, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশার প্রায় ২০ জন কাজ করছেন। তাঁদের আশা, ২০ হাজার স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে প্রস্তাবটি পার্লামেন্টে উত্থাপন করা সম্ভব হবে। ইতোমধ্যে মতামত দেওয়া ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশ পরবর্তী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
সূত্র : পর্তুগাল রেসিডেন্ট