আজ খুলছে লিসবনের রসিওর বড়দিনের বাজার

আবাসন সংকটের প্রতিবাদ কর্মসূচি ও ঘূর্ণিঝড় চার্লসের কারণে প্রস্তুতি ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ের দুই দিন পর পর্তুগালের রাজধানী লিসবনের রসিও স্কয়ারে বড়দিনের ঐতিহ্যবাহী বাজার চালু হতে যাচ্ছে।

আজ রোববার (১৫ নভেম্বর) বাজারটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

বাজারের স্টল স্থাপন ও অন্যান্য প্রস্তুতি শেষ করতে এখন দ্রুত কাজ চলছে। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বাজারটি চালুর কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়।

এদিকে বাজার চালুতে বিলম্ব হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, এই দুই দিনের বিলম্বে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি নানা ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বাইশা পমবালিনা অ্যাসোসিয়েশনের সভাপতি হোসে কার্লোস কুস্তোদিও পর্তুগিজ গণমাধ্যমকে বলেন, বাজার চালুতে দুই দিনের বিলম্ব স্থানীয় ব্যবসায়ীদের জন্য অসুবিধা ও আর্থিক ক্ষতির কারণ হবে। রাষ্ট্রীয় টেলিভিশন আরটিপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বড়দিনের আয়োজনের অংশ হিসেবে আগে থেকে নির্ধারিত কয়েকটি অনুষ্ঠান বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

লিসবন সিটি কাউন্সিল ও আবাসন অধিকারকর্মীদের মধ্যে কয়েক দিন ধরে চলা বিরোধের জেরে বাজার চালুর প্রস্তুতি ব্যাহত হয়। আবাসনের সুযোগ বাড়ানো ও সাশ্রয়ী মূল্যে বাসস্থানের দাবিতে আন্দোলনকারীরা রসিও স্কয়ারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

বড়দিনের বাজার স্থাপনের জন্য মেয়র কার্লোস মোয়েদাস আন্দোলনকারীদের তাঁবু সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এ নিয়ে জনসমাগমস্থলে প্রতিবাদ করার অধিকার নিয়ে বিতর্ক তৈরি হয়।

সূত্র : পর্তুগাল রেসিডেন্ট

Home R3