বিশ্বে সবচেয়ে বেশি অনুসারীর ধর্ম হিসেবে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম। ২০৩৫ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বেশি হওয়ায় বিশ্বে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে একজন মুসলিম নারী গড়ে ৩ দশমিক ১টি সন্তান জন্ম দেন। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫।
পিউর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে মুসলিম জনগোষ্ঠীতে প্রায় ১৬০ কোটি মানুষ যুক্ত হতে পারে। অন্যদিকে খ্রিষ্টান জনগোষ্ঠীতে বাড়তে পারে প্রায় ৭৯ কোটি ২০ লাখ মানুষ।
ধর্মান্তরের ক্ষেত্রেও খ্রিষ্টধর্ম তুলনামূলক বেশি অনুসারী হারাতে পারে। এ সময়ে খ্রিষ্টধর্মের নিট জনসংখ্যা ক্ষতি হতে পারে প্রায় ১০ কোটি ৫০ লাখ। বিপরীতে ইসলাম ত্যাগ ও গ্রহণের হিসাব মিলিয়ে মুসলিম জনগোষ্ঠীর নিট ক্ষতি হতে পারে ৮০ লাখ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালে ইন্দোনেশিয়া ছিল বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। তবে ২০৭০ সালের মধ্যে পাকিস্তানে মুসলিম জনসংখ্যা বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। ফলে দেশটি ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যেতে পারে।
২০১টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস তৈরি করেছে পিউ। তবে সংস্থাটি জানিয়েছে, এটি নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও আর্থসামাজিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে ধর্মীয় জনসংখ্যার চিত্র বদলে যেতে পারে।