দেশে বসবাসরত অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক মনে করলে তার ঈমান থাকবে না বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক।
গত শুক্রবার (১৬ অক্টোবর) জুমার বয়ানে তিনি এসব কথা বলেন।
মুফতী আব্দুল মালেক বলেন, ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ তথা এক আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা তাওহীদে বিশ্বাসীদের অন্যান্য গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক ক্ষমা করেন না। মানুষকে শিরক থেকে বিরত রেখে তাওহীদের পথে পরিচালিত করতেই যুগে যুগে নবী ও রাসুলদের পাঠানো হয়েছে।
অমুসলিমদের নাগরিক ও ধর্মীয় অধিকারের বিষয়ে তিনি বলেন, অন্যান্য ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। তাঁরা যেন নিরাপদে পূজা ও ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে ব্যবস্থা করা রাষ্ট্রের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, উদারতা বা নমনীয়তার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা পূজাকে সঠিক পথ হিসেবে স্বীকৃতি বা সমর্থন দিলে তার ঈমান থাকবে না। অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ধর্মীয় বিশ্বাসকে আকিদাগতভাবে সমর্থন করা এক বিষয় নয়।
বয়ানে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ক্ষমাশীলতার দৃষ্টান্ত তুলে ধরে মুফতী আব্দুল মালেক বলেন, তায়েফে চরম নির্যাতনের শিকার হওয়ার পরও রাসুলুল্লাহ (সা.) নির্যাতনকারীদের ধ্বংস কামনা করেননি। বরং তাদের ভবিষ্যৎ প্রজন্মের ঈমান আনার সম্ভাবনা বিবেচনায় তাদের জন্য কল্যাণ কামনা করেছিলেন।