টানা ভারী বৃষ্টির আশঙ্কায় পর্তুগালের ৬ জেলায় সতর্কতা জারি

পর্তুগালের মূল ভূখণ্ডের ছয়টি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া ও সমুদ্রবিষয়ক সংস্থা আইপিএমএ (IPMA)।

সংস্থাটি জানিয়েছে, আজ ভোর ৩টা থেকে ভিসেউ, পোর্তো, ভিলা রিয়াল, ভিয়ানা দো কাস্তেলো, আভেইরো ও ব্রাগা জেলায় বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত টানা এবং বেশ ভারী হতে পারে। এ সতর্কতা বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে রাত দেড়টার দিকে প্রকাশিত এক ঘোষণায় সকাল ৬টা থেকে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছিল। তবে পরে কোনো কারণ উল্লেখ না করেই সতর্কতার সময় এগিয়ে এনে ভোর ৩টা নির্ধারণ করে সংস্থাটি।

এদিকে ভিয়ানা দো কাস্তেলো ও ব্রাগা জেলায় রাত ৯টা থেকে আবারও ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করা হবে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাতের তীব্রতা বেশি হতে পারে। এ সতর্কতা সোমবার ভোর ৬টা পর্যন্ত বহাল থাকবে।

আবহাওয়াজনিত তিন স্তরের সতর্কতার মধ্যে হলুদ সতর্কতা সবচেয়ে নিম্ন পর্যায়ের। আবহাওয়ার কারণে বিভিন্ন কার্যক্রম ঝুঁকির মুখে পড়তে পারে, এমন পরিস্থিতিতে এ সতর্কতা জারি করা হয়।

আইপিএমএর পূর্বাভাস অনুযায়ী, পর্তুগালের মূল ভূখণ্ডের আকাশ বেশির ভাগ সময় মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে, যা বিকেলের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

তাপমাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভিলা রিয়াল ও ব্রাগানসায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি এবং আভেইরোতে ১৫ ডিগ্রি হতে পারে। অন্যদিকে গুয়ার্দায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি এবং সান্তারেম ও সেতুবালে ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

সূত্র : লুসা

Home R3