নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় লাঠি ভেঙে ফেলার অভিযোগে নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন এক বৃদ্ধ নানাশ্বশুর। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলায়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন মাওলানা সোহরাব হোসেন।
অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি পনু গাজীর ছেলে এবং অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই।
অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজীও তাঁর বাড়ির পাশেই বসবাস করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বৃদ্ধের হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন।
অভিযোগে আরও বলা হয়, ওই ঘটনার পর থেকে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। অভিযুক্তের কাছ থেকে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। পাশাপাশি পথে-ঘাটে গালাগাল ও অকথ্য ভাষায় অপমান করার অভিযোগও করেছেন।
এ ঘটনায় আইনি সহায়তা ও নিরাপত্তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাওলানা সোহরাব হোসেন। স্থানীয়রাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী থানায় এসে একটি অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।