ইন্দোনেশিয়ার দাবানলের কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জনগণের ওপর সৃষ্ট নেতিবাচক প্রভাবের জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। একই সঙ্গে দাবানলের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাবোও বলেন, বনভূমি বা জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে ইন্দোনেশিয়া সরকার অতীতেও কঠোর ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি দাবানল প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করতে একটি নতুন সংস্থা গঠনের প্রস্তুতি নিচ্ছে সরকার।
রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, আসিয়ান সম্মেলনের একটি অধিবেশনে এসব বক্তব্য তুলে ধরেন প্রাবোও।
এদিকে, ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো বলেছেন, দাবানল মোকাবিলায় ইন্দোনেশিয়া কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে দেশটি অত্যন্ত খোলামেলা আলোচনা করেছে।
এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, আসিয়ান নেতারা সদস্য রাষ্ট্রগুলোকে আন্তদেশীয় ধোঁয়াশা দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সমন্বয় কেন্দ্রের চুক্তি অনুমোদন বা অনুসমর্থনের বিষয়টি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে ইন্দোনেশিয়া। এতে দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনভূমি ও ভূমি পুড়ে ছাই হয়ে গেছে।