ঢাকার মতো ইসলামাবাদেও চালু হচ্ছে বিশেষ পিংক বাস

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ পিংক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নিয়ে এ সেবা চালুর পরিকল্পনা করছে দেশটির রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, ফেডারেল সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বাস সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সিডিএ। চীন থেকে বাসগুলো আমদানির দায়িত্ব দেওয়া হতে পারে হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলাকে (এইচআইটি)। এর আগে ইসলামাবাদের বিদ্যমান ইলেকট্রিক বাস সার্ভিসের জন্য ১৬০টির বেশি বাস সংগ্রহেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইসলামাবাদের ২০টির বেশি রুটে ১৬০টিরও বেশি বৈদ্যুতিক বাস চলাচল করছে। সিডিএর ঠিকাদারের মাধ্যমে পরিচালিত এসব বাসে যাত্রীদের সাড়াও ইতিবাচক। তবে ব্যস্ত সময়ে বাসে আসন পেতে নারী ও কিশোরীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শুধু নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিডিএর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পিংক বাস সার্ভিস চালুর বিষয়ে বোর্ডের অনুমোদন নিতে সংশ্লিষ্ট বিভাগকে সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে বাস আমদানির জন্য এইচআইটির সঙ্গে যোগাযোগ করা হবে। প্রাথমিকভাবে বিদ্যমান বাসগুলোর রুটেই পিংক বাস চালানোর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে নতুন রুটও যুক্ত করা হবে।

ওই কর্মকর্তা আরও জানান, যত দ্রুত সম্ভব এ সেবা চালুর লক্ষ্য রয়েছে। আগামী তিন মাসের মধ্যে পিংক বাস সার্ভিস চালু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট ঢাকায় নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এসব বাসের চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নারীরা।

Home R3