পর্তুগালের মধ্যাঞ্চলে বাস চলাচল সম্প্রসারণ করেছে পরিবহন সংস্থা ফ্লিক্সবাস। নতুন তিনটি রুট চালুর পাশাপাশি লেইরিয়া ও মারিনহা গ্রান্দে শহরে সপ্তাহে অতিরিক্ত ৬৪টি বাস চলাচলের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।
গত ২ নভেম্বর এই ঘোষণা দেয় ফ্লিক্সবাস কর্তৃপক্ষ। নতুন রুটের মাধ্যমে লেইরিয়া থেকে মন্টিজো, সাও মার্তিনহো দো পোর্তো ও সান্তারেম এবং মারিনহা গ্রান্দে থেকে আভেইরো, ফিগেইরা দা ফোজ ও পেনিশে সরাসরি যাতায়াত করা যাবে।
নতুন সূচি অনুযায়ী, লেইরিয়া থেকে সপ্তাহে ৩০টি এবং মারিনহা গ্রান্দে থেকে ৩৪টি অতিরিক্ত বাস চলাচল করবে। এতে লিসবন, পোর্তো, কোইমব্রা, আভেইরো, তোরেস ভেদ্রাস ও নাজারের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। মারিনহা গ্রান্দে থেকে আভেইরো, ফিগেইরা দা ফোজ ও পেনিশে প্রতিদিন বাস চলাচল করবে।
ফ্লিক্সবাসের পর্তুগাল বিভাগের পরিচালনা পরিচালক তিয়াগো কাভাকো আলভেস জানান, অঞ্চলটি থেকে যাত্রীদের যাতায়াতের চাহিদা বাড়ছে। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ইউনিভার্সিটি অব লেইরিয়া অ্যান্ড ওয়েস্ট প্রতিষ্ঠিত হলে পরিবহন চাহিদা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন রুটের টিকিট ফ্লিক্সবাসের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, পাগাকুই বিক্রয়কেন্দ্র ও অংশীদার ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাওয়া যাচ্ছে। লেইরিয়া থেকে সান্তারেমের ভাড়া শুরু ১.৪৯ ইউরো এবং মন্টিজোর ভাড়া ১.৯৯ ইউরো থেকে। অন্যদিকে মারিনহা গ্রান্দে থেকে ফিগেইরা দা ফোজ ও পেনিশের ভাড়া ১.৪৯ ইউরো এবং আভেইরোর ভাড়া ১.৯৯ ইউরো থেকে শুরু।
এদিকে, আলাদা উদ্যোগে চ্যাটজিপিটির সঙ্গে নিজেদের সেবা যুক্ত করেছে ফ্লিক্সবাস। এর ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মাধ্যমে বাস ও ট্রেনের রুট, গন্তব্য এবং যাতায়াতের সুযোগ খুঁজে দেখতে পারবেন। পরে সংশ্লিষ্ট বুকিং লিংকের মাধ্যমে টিকিটও কিনতে পারবেন। এ সুবিধায় ফ্লিক্সবাসের পাশাপাশি ফ্লিক্সট্রেনের সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।
সূত্র : দ্য পর্তুগাল নিউজ