ইউরোপ

আবাসন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ‘চরম অযোগ্য’ : আন্দ্রে ভেনচুরা

আবাসন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো ‘চরম অযোগ্য’ : আন্দ্রে ভেনচুরা

পর্তুগালের আবাসন সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোকে ‘চরম অযোগ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির ডানপন্থি রাজনৈতিক দল চেগার নেতা আন্দ্রে ভেনচুরা। একই সঙ্গে সংকট সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আজ সোমবার লিসবনে দলের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আন্দ্রে ভেনচুরা বলেন, আবাসন সংকট নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা পরিস্থিতিকে জনশৃঙ্খলার সংকটে পরিণত করেছে। প্রধানমন্ত্রীকে দেশের মানুষের উদ্দেশে কথা বলা এবং আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

ভেনচুরা জানান, আবাসন খাতের সমস্যা সমাধানে আগামী সপ্তাহে তার দল চেগা একটি প্রস্তাবিত পদক্ষেপের তালিকা প্রকাশ করবে।

আবাসনের অধিকার নিয়ে আন্দোলনকারীদের প্রতি প্রধানমন্ত্রীর ‘স্বার্থপরতা, সহানুভূতির অভাব এবং দেশের বাস্তবতা না বোঝার’ অভিযোগও প্রত্যাখ্যান করেন ভেনচুরা। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা জানেন তারা কোন দেশে বসবাস করছেন। বরং লুইস মন্টেনেগ্রোই জানেন না তিনি কোন দেশে বসবাস করছেন।’

তিনি আরও বলেন, আবাসন সংকট কোনোভাবেই জনশৃঙ্খলার সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহ ধরে কার্যত আড়ালে থাকায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে।

ভেনচুরার অভিযোগ, দেশের মানুষ যখন সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর বক্তব্য ও সহযোগিতা প্রত্যাশা করছিলেন, তখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং আবাসনমন্ত্রী কেউই জনগণের সামনে এসে তাদের অসন্তোষের কথা স্বীকার করেননি কিংবা সমস্যা সমাধানে বড় কোনো উদ্যোগের ঘোষণা দেননি।

এদিকে আবাসন সংকট নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই লিসবন ও পোর্তোর কেন্দ্রীয় চত্বরে আবারও জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা। এবারের সমাবেশে শুধু আবাসন সংকট নয়, বিক্ষোভকারীদের প্রতি পুলিশের ভূমিকা ও আচরণ নিয়েও প্রতিবাদ জানানো হচ্ছে। পুলিশের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র : দ্য রেসিডেন্ট

Home R3