পর্তুগালে স্থায়ী রেসিডেন্সির আবেদন প্রক্রিয়া চালু করল আইমা

পর্তুগালে স্থায়ী বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপয়েন্টমেন্ট আবেদন প্রক্রিয়া চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা। এখন থেকে সংস্থাটির অনলাইন কন্টাক্ট ফর্মের মাধ্যমে এ আবেদন করা যাবে।

আইমা জানিয়েছে, আবেদনকারীদের অন্তত পাঁচ বছর অস্থায়ী রেসিডেন্স পারমিটের অধীনে পর্তুগালে বসবাস করতে হবে। পাশাপাশি বৈধ রেসিডেন্স পারমিটের কপি এবং পাঁচ বছরের বসবাসের প্রমাণ হিসেবে আগের পারমিট, কর্মজীবনের রেকর্ড অথবা আয়কর বিবরণী জমা দিতে হবে।

আবেদন করতে আইমার ওয়েবসাইটে (contactenos.aima.gov.pt) গিয়ে নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করতে হবে। একই উদ্দেশ্যে একবারের বেশি আবেদন না করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

তবে স্থায়ী রেসিডেন্সি কার্ড নবায়ন এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের সনদের আবেদন আগের নিয়মে নির্ধারিত পোর্টালের মাধ্যমে করতে হবে।

Home R3