পোল্যান্ডের ক্রাকো শহরের ব্যস্ত পর্যটন এলাকায় বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। পরে সন্দেহভাজন হামলাকারীর বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলাকারী উগ্র ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ছিলেন বলে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির।
স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের ঐতিহাসিক মেইন মার্কেট স্কয়ারে এ হামলা হয়। সামরিক কায়দার পোশাক ও অস্ত্র নিয়ে গাড়িতে করে এসে প্রায় তিন মিনিট ধরে এলোপাতাড়ি গুলি চালান ২৫ বছর বয়সী ওই ব্যক্তি। নিহতদের মধ্যে চার নারী ও দুই পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক ছাড়াও দুই পুলিশ সদস্য রয়েছেন।
হামলার পর পুলিশের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে সন্দেহভাজনকে আটক করা হয়। তিনি অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনজনের মরদেহ পরিবারের সদস্যদের বলে ধারণা করা হচ্ছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন। হামলার পর ক্রাকোতে ১১ নভেম্বর পর্যন্ত শোক ঘোষণা এবং দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।