ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের বিমানে বোমা হামলার হুমকিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বেশকয়েকটি বিমান জরুরী অবতরণ করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইউরোপীয় অভ্যন্তরীণ রুটে চলাচল করা অন্তত ২৭টি ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়ার পর কয়েকটি বিমানকে গতিপথ পরিবর্তন করে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতালি, ফ্রান্স ও বুলগেরিয়ায় সামরিক যুদ্ধবিমান মোতায়েন করেছে।
ইতালির রাষ্ট্রীয় গণমাধ্যম রাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, বোমা হামলার হুমকির তালিকায় রয়েছে ইইউর লো-কস্ট বিমান কোম্পানি রায়ানএয়ার, উইজ এয়ার, ফিনএয়ার, অ্যার লিঙ্গাস ও লট পোলিশ এয়ারলাইন্সসহ একাধিক বিমান সংস্থা। এঘটনায় ইতালি, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, স্পেন, পোল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের ফ্লাইট মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
বিশেষ করে ইতালির মিলান মালপেনসা বিমানবন্দর থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশগামী উইজ এয়ারের একটি এয়ারবাস এ৩২১ উড়োজাহাজ উড্ডয়নের পর বোমা হামলার হুমকি পায়। পরে বিমানটির গতিপথ পরিবর্তন করে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবতরণ করানো হয়।