সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি বাংলাদেশ সরকার। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সৌদি আরবের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। কেউ গুরুতর অপরাধ করলে দেশটির আইন অনুযায়ী তার সাজা হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি মিশনের শ্রম উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ওই দুই বাংলাদেশি মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে ব্যভিচারে লিপ্ত ছিলেন, যা সৌদি আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এ ঘটনায় দেশটির আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।