ইউরোপ

পর্তুগালে গতি ফিরেছে গোল্ডেন ভিসার, ৩০ হাজার আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন

পর্তুগালে গতি ফিরেছে গোল্ডেন ভিসার, ৩০ হাজার আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন

পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা (AIMA) দীর্ঘদিন ধরে জমে থাকা গোল্ডেন ভিসার আবেদন নিষ্পত্তিতে গতি ফিরিয়েছে। ইতোমধ্যে প্রায় ৩০ হাজার আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্ট সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার আবেদন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্সি বিষয়ক মন্ত্রী আন্তোনিও লেইতাও আমারো।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালে গোল্ডেন ভিসা পেতে আবেদনকারীদের গড়ে ৫০ দশমিক ৪ মাস অপেক্ষা করতে হচ্ছে। তবে আইমার নতুন উদ্যোগের ফলে দীর্ঘদিনের এই জট কমতে শুরু করেছে।

এর আগে অনিয়মিত অভিবাসীদের প্রায় ৪ লাখ ৪৫ হাজার বকেয়া আবেদন নিষ্পত্তির কাজেও অগ্রগতি অর্জন করে সংস্থাটি। এখন গোল্ডেন ভিসা ও পরিবারের সদস্যদের পর্তুগালে নেওয়ার আবেদন দ্রুত নিষ্পত্তিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইমা জানিয়েছে, পুরোনো কাগজভিত্তিক আবেদনগুলো নিষ্পত্তিতে সময় বেশি লাগছে। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে চালু হওয়া ডিজিটাল পদ্ধতিতে জমা দেওয়া আবেদনগুলো তুলনামূলক দ্রুত নিষ্পত্তি হচ্ছে।

আইনজীবীদের মতে, নতুন আবেদনকারীদের আবেদন জমা দেওয়া থেকে প্রথম রেসিডেন্স কার্ড বা বসবাসের অনুমতিপত্র হাতে পেতে বর্তমানে প্রায় ১৪ থেকে ১৮ মাস সময় লাগতে পারে। তবে পুরোনো আবেদনগুলোর জট পুরোপুরি না কাটায় গড় অপেক্ষার সময় আরও কিছুদিন বেশি থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ভিসা নবায়নের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে চালু হওয়ায় আবেদনকারীরা এখন সহজে নিজেদের আবেদনের অগ্রগতি দেখতে পারছেন। এতে প্রক্রিয়ায় স্বচ্ছতাও বেড়েছে।

আইমার কার্যক্রমে এখনো কিছু দীর্ঘসূত্রতা থাকলেও সংশ্লিষ্টদের মতে, আগের বছরগুলোর তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

Home R3