পুরোনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হবে না বলে প্রত্যাশা থাকলেও এখন আবার সেই পুরোনো সংস্কৃতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘আমরা আশা করেছিলাম, জুলাই বিপ্লব-পরবর্তী সেই রাজনীতি আর ফিরবে না। কিন্তু আমাদের কষ্ট দেয়, আজকে আমরা দেখতে পাচ্ছি, সেই পুরোনো ফ্যাসিবাদ আবার নতুনভাবে চলে আসছে।’
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই। যে-ই ফ্যাসিবাদী হয়ে উঠবে, তার বিরুদ্ধেই সোচ্চার হতে হবে। জুলাই বিপ্লব থেকে এ শিক্ষাই পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।
ছাত্ররাজনীতির পরিবর্তনের বিষয়ে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থীদের কল্যাণভিত্তিক, মেধা ও যোগ্যতাভিত্তিক এবং ছাত্র সংসদকেন্দ্রিক। এ লক্ষ্য সামনে রেখেই ডাকসুসহ পাঁচটি ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পাসে দখলদারত্বের রাজনীতি ও গণরুম-গেস্টরুম সংস্কৃতির তীব্র বিরোধিতা করে ডাকসু ভিপি বলেন, ‘এসব চর্চা আর ক্যাম্পাসে ফিরতে দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।’