ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিরাপদে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।’

প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব বিশেষ তাৎপর্য লাভ করেছে।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। এসব আয়োজন দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুমাত্রিক সমাজের সৌন্দর্য তুলে ধরে।

তারেক রহমান আরও বলেন, বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব ধর্মের শিক্ষায় মানবকল্যাণ, সাম্য ও মানবিক মর্যাদার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তাই প্রত্যেকের নিজস্ব ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি অন্যের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা জরুরি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও পুনর্গঠনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা তাদের অঙ্গীকার।

তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও শ্রদ্ধাবোধের চর্চার মাধ্যমে দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন সারা দেশে নিশ্চিন্তে ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Home R3