২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান মানুষের হৃদয় জয় করে ধারাবাহিক সাফল্য অর্জন করেছেন এবং দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টন-এ মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন তারেক রহমান। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক। দেশের ব্যাংক ও অর্থনীতি যখন ধ্বংসের মুখে ছিল, তখন তিনি তা পুনর্গঠন করেছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় বিগত আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন বিএনপি মহাসচিব এবং হকারদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে হবে এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সম্প্রতি সংসদে তারেক রহমান একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

Home R3