সৌদি আরবের নাজরান ও জিজানে জরুরি সতর্কতা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জিজানে জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সম্ভাব্য বিপদের বিষয়ে বাসিন্দাদের সতর্ক করার পর পৃথক বার্তায় দুই শহরকেই বিপদমুক্ত ঘোষণা করা হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানায়, জাতীয় জরুরি সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে নাজরান ও জিজানের বাসিন্দাদের সতর্কবার্তা পাঠানো হয়। এ সময় সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে কী ধরনের হুমকি বা সম্ভাব্য বিপদের কারণে এ সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

এর এক দিন আগে সৌদি রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট। এর আগে রিয়াদ ও এর কাছের আল খারজ গভর্নরেটেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। পরে ওই দুই এলাকাকেও বিপদমুক্ত ঘোষণা করে সিভিল ডিফেন্স।

২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির আরও কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে হুথি বিদ্রোহীরা।

জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেন সংঘাতের পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। তবে চলতি বছরের জুলাই থেকে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে। এতে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

Home R3