২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়-পরাজয় মেনে নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহবান সিইসির

সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহবান জানান।

বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। যেকোনো সংঘাত এড়িয়ে এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা নিয়ে ভোটারদের কেন্দ্রে আসার উদাত্ত আহবান জানান তিনি। ভোটদানকে কেবল নাগরিক অধিকার নয়, বরং একটি দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন তিনি।

ভাষণের শুরুতেই সিইসি মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসাথে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সিইসি বলেন, নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং এটি একটি দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। এই বিষয়টি মাথায় রেখে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।

জয়-পরাজয় প্রসঙ্গে সিইসি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে সবাইকে সহজভাবে মেনে নিতে হবে। তিনি ব্যক্তিগত কষ্ট বা সীমাবদ্ধতাকে তুচ্ছ জ্ঞান করে জাতীয় নির্বাচনের এই মহতী কর্মযজ্ঞকে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে। তিনি সকলকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।

Home R3