২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জয় নিয়ে আমি ইনশাল্লাহ আশাবাদী: তারেক রহমান

দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে কোনো ‘ষড়যন্ত্র রুখে দেবে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দিয়ে নির্বাচনে বিএনপির জয় নিয়েও আশা প্রকাশ করেন তিনি।

সকাল ৯টা ৩৫ মিনিটে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিয়ে তিনি তার পরিবারকে নিয়ে কেন্দ্রের বাইরে আসার পর দেশি-বিদেশি সাংবাদমাধ্যমের কর্মীরা তাকে ঘিরে ধরে। তারেক রহমান এ সময় সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন।

তারেক বলেন, “আমি এই মাত্র আমার সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রয়োগ করে এসেছি। বিগত এক যুগেরও বেশি সময় বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।”

দলের জয় নিয়ে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, “আমি ইনশাল্লাহ আশাবাদী, আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বের হয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”

বিজয়ী হলে বিএনপির প্রাধান্যে কোন বিষয়টি থাকবে প্রশ্নে তারেক বলেন, “আমরা আগেও বলেছি, আমরা জয়লাভ করলে সব চেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটা হচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। যাতে মানুষ নিরাপদ বোধ করে। সমগ্র দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে। এটাই আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকবে।”

ভোটের পরিবেশ কেমন দেখছেন প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “সারা বাংলাদেশের খবর এখনো আমি পাইনি।

“গতকাল রাত্রে অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটেছে, এটা কাম্য নয়। দেশের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সেটা কঠোর হস্তে দমন করেছেন। আমি ভোর রাত পর্যন্ত বিভিন্ন টিভি চ্যানেল খবর দেখেছি।”

Home R3